‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : সংগৃহীত

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট যে সিদ্ধান্ত নিয়েছে, তা সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে, আইনগত দিক ভালোভাবে দেখে তা বাস্তবায়ন করবে সরকার, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে জামায়াত স্বাধীন দেশে আর রাজনীতির কোনো সুযোগ না পায়।

ওবায়দুল কাদের আরো বলেন, সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। এ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব-আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

কাদের বলেন, নিরপরাধ কাউকে আমাদের জানা মতে আটক করা হচ্ছে না। নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমরাও বলব, গণগ্রেপ্তারের নামে নিরপরাধ কেউ যাতে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে আমাদের দলেরও সিদ্ধান্ত রয়েছে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হ্যারাস (হয়রানি) করা যাবে না। গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না।

অতিউৎসাহিত হয়ে যাতে নিরপরাধ কাউকে যাতে গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

  • জামায়াত-শিবির
  • রাজনীতি
  • #