কুড়িগ্রামে ক্যাসিনো সম্রাট মাইনুল আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম (২৭) যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। মাইনুল ইসলাম উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামি গাড়ি, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।

সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের হলফনামায় তার দেওয়া তথ্যে জানা যায়, তার ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনামে রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘরের জায়গায় উঠেছে পাকা বাড়ি। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের গাড়ীতে। এছাড়াও রয়েছে দামী ৫টি মোটরবাইক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

  • কুড়িগ্রাম
  • ক্যাসিনো
  • মাইনুল
  • #