মহান ভাষা আন্দোলনের স্মারক- ফেব্রুয়ারি শুরু আজ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

মহান ভাষা আন্দোলনের স্মারক- ফেব্রুয়ারি শুরু হলো আজ। যে মাস এলেই বাঙালির মনে ভিড় জমায় মাতৃভাষা বাংলার দাবিতে রাজপথে প্রাণ দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষাশহীদদের নাম। নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পায় গোটা জাতি।

আজ ১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে এ মাসেই ভাষা আন্দোলন তীব্রতর রূপ ধারণ করেছিল। সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে বাঙালিকে প্রেরণা দিয়েছিল একাত্তরে স্বাধিকার আন্দোলনের সূচনা ঘটাতে। একইসঙ্গে ঊনসত্তরের গণঅভ্যুত্থানেরও প্রেরণা ছিল এ ভাষা আন্দোলন।

বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটির পরিচিতি ‘ভাষার মাস’ হিসাবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে ঘিরে প্রতিবছর এ মাসের শুরু থেকেই নানা কর্মসূচির আয়োজন হয়ে থাকে। ৭৪ বছর আগে ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই সব আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি, এসব আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেক শহীদের স্মৃতিকে এ মাসে বিশেষভাবে স্মরণ করে পুরো দেশ। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী যে আয়োজন তার অংশ হিসেবে বাঙালির প্রিয় অমর একুশে বইমেলাও শুরু হয়। তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে। এ মাসের ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য হওয়া আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা।

তৎকালীন পাকিস্তানি শাসকদের ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’- এমন ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। জাগে বিরূপ প্রতিক্রিয়া। পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তাই বাংলাভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বাঁধে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা মিলে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না-জানা আরও অনেকে।

পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য এমন মহান আত্মত্যাগের ঘটনা বিরল। বাংলার দামাল সন্তানদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি এখন বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে পালিত হয়।

বাঙালি জাতির জন্য ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, বরং ভাষার প্রতি ভালোবাসার অঙ্গীকার ও আত্মত্যাগের গর্বের স্মারক। ভাষার মাসের প্রথম দিন থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানী ও বিভিন্ন জেলা শহরে নানা কর্মসূচির আয়োজন করে থাকে।

  • ফেব্রুয়ারি
  • ভাষা আন্দোলন
  • মহান
  • স্মারক
  • #