হাতকড়া হাতে মায়ের জানাজায় যুবলীগকর্মী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জয়পুরহাটের আক্কেলপুরে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ইউনিয়ন যুবলীগ কর্মী মিন্নত আলী (৩৬)। শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া নিয়ে কবরে যেতে দেখা যায় তাকে।

স্থানীয়রা জানান, প্যারোলে মুক্তি পাওয়া মিন্নত আলী গেীনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও আবাদপুর গ্রামের মোবারক আলী মণ্ডলের ছেলে। গত বছরের ২১ ডিসেম্বর তাকে জয়পুরহাট সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন তিনি। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে তার মা মোমেনা বেগম মারা যান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মা মোমেনা বেগমকে দাফন করা হয়।

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য অনুমতি চেয়ে মিন্নতের স্ত্রী মরিয়ম বেগম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া মানবিক বিবেচনায় মিন্নত আলীকে তিন ঘণ্টার জন্য সাময়িক প্যারোলে মুক্তির অনুমতি দেন। বিকেল ৫টার দিকে পুলিশ পাহারায় তাকে নিজ গ্রাম আবাদপুরে আনা হয়। মায়ের জানাজা শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট পরে তাঁকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া বলেন, পরিবারের আবেদনের পর মানবিক দিক বিবেচনায় মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

  • জানাজা
  • মা
  • যুবলীগকর্মী
  • হাতকড়া
  • #