ইতালির কারাগারে বন্দিদের জন্য ‘সেক্সরুম’ চালু

:
প্রকাশ: ১ দিন আগে

ইতালি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে বন্দিদের জন্য একটি ‘সেক্স রুম’ চালু করেছে। যেখানে বন্দীরা তাদের সঙ্গীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারবেন।

এই কক্ষ মূলত সেই বন্দিদের জন্য নির্ধারিত, যারা কারাগারে আসা তাদের সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চান। এর মাধ্যমে বন্দিদের ‘ঘনিষ্ঠ সাক্ষাতের’ অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

আধুনিক কারাগারগুলোতে সাধারণত পারিবারিক সাক্ষাৎকে অগ্রাধিকার দেওয়া হয়, যৌন বা ঘনিষ্ঠ সাক্ষাৎকে নয়। তবে ইউরোপের বিভিন্ন দেশে এখনো দাম্পত্য সাক্ষাৎ চালু রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস এবং সর্বশেষ ইতালিও রয়েছে।

ইতালিতে এই নতুন ‘সেক্সরুম’-এর প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয় গত শুক্রবার। ওই দিন এক বন্দিকে তার কারাগারে আসা সঙ্গীর সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য এই কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়।

অনুমোদনপ্রাপ্ত বন্দিরা সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে দরজায় তালা দেওয়া যাবে না, যেন প্রয়োজনে কারারক্ষীরা প্রবেশ করতে পারেন।

ইতালির উমব্রিয়া অঞ্চলের বন্দি অধিকারবিষয়ক ওমবাডসম্যান জিউসেপ্পে কাফোরিও ইতালির সংবাদ সংস্থা আনসাকে বলেন, আমরা বলতে পারি, একধরনের পরীক্ষা সফল হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও এমন সাক্ষাৎ হবে। আমরা খুশি; কারণ, সবকিছুই নির্বিঘ্নে হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষার জন্য সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা জরুরি।

 

  • ইতালি
  • কারাগার
  • বন্দি
  • সেক্সরুম
  • #