মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্দেশনা অনুযায়ী, চাইলেই মিরপুর স্টেডিয়ামে যেতে পারবেন না সাংবাদিকরা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন এই সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে বোর্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী, স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকল গণমাধ্যমকর্মীদের নির্দিষ্ট নিয়ম মেনে প্রবেশ করতে হবে। সাংবাদিকদের জন্য শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশের একমাত্র গেট হিসেবে নির্ধারণ করা হয়েছে গেট নম্বর ১।

নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন থেকে শুধুমাত্র ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে আগে জানানো অনুশীলন বা প্রশিক্ষণ সেশনে মাঠে প্রবেশ করতে পারবেন।

বিসিবি আরও জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই সাংবাদিকদের প্রবেশে এই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ক্রিকেট বোর্ড।

  • বিধিনিষেধ
  • মিরপুর
  • সাংবাদিক
  • স্টেডিয়াম
  • #