ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে কোদাল মার্কা প্রতীকের তিনজন কর্মী আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কর্মী সাকিন (২৭), আহাদ (২৭) এবং হোসেন। তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক (সাধারণ সম্পাদক) বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি অভিযোগ করে বলেন, বিকেলের দিকে আমাদের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় ফুটবল প্রতীক মার্কা প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিন কর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। আমরা আহতদের কাছে জানতে পেরেছি তারা কোদাল মার্কা প্রার্থীর সমর্থক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।