জামায়াত আমিরের নারীর প্রতি অবমাননাকর মন্তব্য ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামীর আমিরের নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতের আমির নতুন করে স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে এনেছেন।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার চট্টগ্রামে এক সমাবেশে জামায়াত আমির মন্তব্য করেন একাত্তরে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ উই রিভল্ট ঘোষণা করেন।
এ প্রসঙ্গে রিজভী বলেন, জামায়াতের আমির নারীদের সম্পর্কে যে অবমাননাকর ও কুৎসিত বক্তব্য দিয়েছেন, তা সারাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার দায় এড়াতে এবং জনমতকে বিভ্রান্ত করতে এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তোলা হচ্ছে।
জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, কয়েকদিন পর হয়তো আপনারা বলবেন গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক। কারণ মিথ্যা বলতে আপনারা কখনো পিছপা হন না। ইসলামের নামে ব্যবসা করা এবং মুনাফেকিই আপনাদের চরিত্র। ইসলাম সবচেয়ে বেশি ঘৃণা করে এই মুনাফেকিকে।