সেনাবাহিনী নিয়ে জামায়াত প্রার্থীর বাজে মন্তব্য ভাইরাল, পরে দুঃখপ্রকাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সেনানিবাসে গানম্যান নিয়ে ঢোকার সময় বাধাপ্রাপ্ত হলে মিলিটারি পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ‘দুঃখপ্রকাশ’ করেছেন ঢাকা- ১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান। ফেইসবুকে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, ভিডিওর ওই ঘটনা মাসখানেক আগের।

মিলিটারি পুলিশের বডি ওর্ন ক্যামেরায় ধারণকৃত সাড়ে ৭ মিনিটের ভিডিওটি মঙ্গলবার দুপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেইসবুকে প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি সমর্থকদের ওয়ালে ওয়ালে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একজন মিলিটারি পুলিশ সদস্যের সঙ্গে বিতণ্ডার সময় এসএম খালিদুজ্জামান কয়েকবার বলেন, ‘দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। বিশৃঙ্খলা করছেন।’

মিলিটারি পুলিশ সদস্যের ফোন থেকে একজন সেনাকর্মকর্তার সঙ্গে কথা বলার সময় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, ‘আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন যেতে দেবেন না?’

ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেক পর নিজের ফেইসবুক পেইজে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন দাঁড়িপাল্লার প্রার্থী।

মিলিটারি পুলিশের ধারণ করা ভিডিও কী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত সমর্থকরা। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে কিছু জানানো হয়নি।

  • গানম্যান
  • বিতণ্ডায়
  • মিলিটারি পুলিশ
  • সেনানিবাস
  • #