জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব।
এছাড়া বেশ কয়েকজন সাংবাবিদকও আহত হয়েছেন। তারা হলেন আমার দেশের লিমন ইসলাম, দ্য ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের ফাতেমা আলী, দৈনিক আজকের পত্রিকার সোহান ফরাজী, দৈনিক দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল ও কালবেলার তৌসিন। তবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে নেওয়া হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।