কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরও এক ছাত্র আহত হয়। হতাহত তিনজনই স্থানীয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহত শিক্ষার্থীরা হলো দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪)। আহত সাইফ হোসেন (১৪) একই গ্রামের জিয়ার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে তিন বন্ধু রহমত, সাহাবী ও সাইফ দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল তারা। দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয় লোকজন তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। আহত সাইফকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।