৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীম বাদ পড়লেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

৪৪তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারী এবং ঢাকা মেডিক্যাল কলেজের কৃতি শিক্ষার্থী শামীম শাহরিয়ার শেষ পর্যন্ত সরকারি নিয়োগের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত ৪৪তম বিসিএসের গেজেটে তাঁর নাম না থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হলেও সেখানে জায়গা পাননি চূড়ান্ত ফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন। এর আগে পিএসসি ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল। তবে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের বড় একটি অংশ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, যার মধ্যে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ারও রয়েছেন।

শামীম শাহরিয়ারের শিক্ষাজীবনের রেকর্ড ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজের কে-৭৩ ব্যাচ থেকে চিকিৎসা শাস্ত্রের পাঠ শেষ করেন। ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশের সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং এরই মধ্যে এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছিলেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেই ফলাফলে মেধাতালিকায় শীর্ষে থাকা এই মেধাবী শিক্ষার্থীর বাদ পড়া নিয়ে নানা মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সাধারণ নিয়োগ প্রক্রিয়ায় গেজেট প্রকাশের সময় বিভিন্ন যাচাই-বাছাইয়ের কারণে অনেক সময় মূল সুপারিশ তালিকা থেকে প্রার্থীর সংখ্যা কমে যায়, যার প্রভাব এবার পররাষ্ট্র ক্যাডারের এই শীর্ষ প্রার্থীর ওপরও পড়ল।

 

  • ৪৪তম
  • পররাষ্ট্র ক্যাডার
  • বিসিএস
  • শামীম
  • #