ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নির্বাচনী প্রচারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার সকালে উপজেলার মাস্টারহাট এলাকায় এ সংঘর্ষ হয়।
ভোলা-০৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে তাদের কর্মীরা প্রচারে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রচার করতে গেলে তাদের মারধর করে। এতে জামায়াতের ৫/৬ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন জানান, জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে বিএনপির ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, দুই দলই সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।