গভীর রাতে সাবেক ভিপি নুরের সমর্থকের বাড়িতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বিএনপি জোট সমর্থিত প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের এক সমর্থকের বাড়িতে এ অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এই অগ্নিকাণ্ড থেকে সমর্থক ও তার পরিবারের দুই সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরের আসবাবপত্র। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গলাচিপার আমখোলা ইউনিয়নের দরিবাহেচার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে যুব অধিকার পরিষদের সদস্য নাঈমুল ইসলামের বাড়িতে আগুন লাগে। ওই সময় ঘরে ছিলেন তাঁর বাবা, সাত বছরের মেয়ে নাঈমা এবং শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা নানি সাজেদা বেগম। নাঈমুল ইসলামের স্ত্রী ও মা দুজনই সৌদি প্রবাসী। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনজন ঘুমিয়ে পড়েছিলেন।

হঠাৎ আগুনের আলোয় ঘর উজ্জ্বল হয়ে উঠতেই ঘুম ভাঙে তাঁদের। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।
এদিকে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতরের সবকিছু প্রায় ভস্মীভূত।

নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আসবাবপত্রের সঙ্গে পুড়ে যায় গৃহপালিত পশু-পাখি ও একটি মোটরসাইকেল। আজ শনিবার দুপুরে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী নুরুল হক নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নাঈমুল ইসলামের অভিযোগ, তিনি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সক্রিয় সমর্থক হওয়ায় দীর্ঘদিন ধরেই হুমকির মুখে ছিলেন। তাঁর ভাষায়, ‘আমি ট্রাক মার্কার সমর্থক।

ঘোড়া প্রতীকের সমর্থক ইউপি সদস্য আবুল কাসেম তার দলবল বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিলেন। শুক্রবার বিকেলে আমরা নুর ভাইয়ের নির্বাচনী সভায় বকুলবাড়িয়ায় গিয়েছিলাম। রাতে ফিরে মোটরসাইকেলটা পেছনের বারান্দায় রাখি। রাত আড়াইটার দিকে জানালা দিয়ে পেট্রল ঢেলে বাইকে আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।’

স্থানীয়দের ধারণা, নাঈমুল ওই মোটরসাইকেলটি নিয়ে নুরের বিভিন্ন সভায় যাতায়াত করতেন। সেটিই লক্ষ্য করে পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর রক্ষা করা যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান কালের কণ্ঠকে বলেন, ইলেকশন ইনকোয়ারি কমিটি, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। তাঁরা বিষয়টি নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দেবেন। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আগুন
  • বাড়ি
  • সমর্থক
  • সাবেক ভিপি নুর
  • #