খুলনায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

খুলনায় প্রতিপক্ষের হামলায় বাবুল মোল্লা (৭২) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের নিক্সন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খুলনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল মোল্লার সঙ্গে একই এলাকার গামা পরিবারের বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ওই পরিবারের এক সদস্যের সঙ্গে পানি ছিটানো নিয়ে কথা কাটাকাটি হয়।

বিষয়টি তখন সাময়িকভাবে মীমাংসা হলেও রাতের দিকে তা মারাত্মক রূপ নেয়। রাত সাড়ে ৮টার দিকে ওই পরিবারের সাব্বির, গামা, কুদ্দুস, রেখা, কালা, নাসু, নিলা ও রমজানসহ কয়েকজন বাবুল মোল্লার ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক কিল-ঘুষি মারার পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল মোল্লাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত বাবুল মোল্লার চার কন্যা সন্তান রয়েছে। তার মেয়েরা অভিযোগ করে বলেন, আমাদের বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও ধারাল কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

ওসি জানান, পারিবারিক ঘটনার জের ধরে হত্যার ঘটনাটি ঘটেছে। বাবুল মোল্লা বয়স্ক ব্যক্তি ছিলেন। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে নগরীতে রাকিব হোসেন নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করে।

  • খুলনা
  • নিহত
  • প্রতিপক্ষ
  • বৃদ্ধ
  • হামলা
  • #