ব্রাহ্মণবাড়িয়ায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বশির নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে। এর আগে দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আলমগীর মিয়া ও বশির মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি আলমগীর মিয়া নিজের দখল দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এর জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় প্রতিপক্ষের হামলায় বশির মিয়া গুরুতর আহত হন। পরে তাকে স্বজনরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের মারামারিতে একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • খাসজমি
  • দখল
  • নিহত
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সংঘংর্ষ
  • #