মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় বের হন।
এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে মাথাচাড়া দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।