ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাহিমা ওই এলাকার লেপ-তোষকের ব্যবসায়ী বিল্লালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাতের খাবারের পর তিনি ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়া (১৫)-কে পাশের কক্ষে ঘুমানোর ব্যবস্থা দেন। স্বামী প্রতিদিনের মতো দেরিতে বাড়ি ফিরবেন—এমন ধারণায় তিনি ঘরের দরজা তালাবদ্ধ না করেই নিজ কক্ষে শুয়ে পড়েন।

রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমার গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। এ সময় বারান্দায় রাখা একটি সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে মেয়ে সুমাইয়া বাইরে এসে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।

মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে বিষয়টি নিহতের স্বামীকে জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনুতোষ বিশ্বাসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

  • গৃহবধূ
  • ভালুকা
  • হত্যা
  • #