লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে । এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুড়িমারী-পাটগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে শিহাব আহম্মেদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি।

হামলার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রচার শেষ করে ফিরছিলাম। কিন্তু জোড়াপুকুর এলাকায় পৌঁছামাত্রই আমাদের ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালানো হয়। আমার গাড়ি ভেঙে চুরমার করে  দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। মাঠের পরিস্থিতি যদি এমন অস্থিতিশীল হয়, তাহলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পাবে। এ অবস্থায় আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে আমি গভীর শঙ্কা প্রকাশ করছি।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রার্থীর কাছে গিয়েছি এবং তার নিরাপত্তা নিশ্চিত করেছি। উত্তেজিত সমর্থকদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

  • গাড়িবহর
  • লালমনিরহাট
  • স্বতন্ত্র প্রার্থী
  • হামলা
  • #