অধস্তন আদালতে এখন থেকে আর পুরো ডিসেম্বর মাসে বার্ষিক ছুটি থাকবে না। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ ছাড়া হাইকোর্টের সব বিচারপতি অংশ নেন।
সিদ্ধান্ত অনুযায়ী, বছরের ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। অর্থাৎ, টানা ১ মাসের পরিবর্তে ২ দফায় ১৫ দিন করে এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।
জানা গেছে, প্রতি বছর ১-১৫ জুন ও ১৭-৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছর থেকেই।
ফুল কোর্ট সভায় আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। এরই মধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।