মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পুরান ঢাকার সূত্রাপুরের একটি মেস বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা।

রোববার সাড়ে ১০টার দিকে কলতাবাজার এলাকার পানির পাম্পের পাশ্ববর্তী একটি মেস থেকে তার লাশ উদ্ধারের তথ্য দেন সূত্রাপুর থানার ওসি মশিউর রহমান।  তিনি বলেন, পুলিশ সুরতহালের কাজ করছে।

সূত্রাপুর থানার আরেক কর্মকর্তা বলেন, রাত ১০টার দিকে ৯৯৯ এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাকিবার ছোট ভাই নাঈম হোসেন বলেন, রাকিবার সঙ্গে তাদের মায়ের সবশেষ কথা হয় শনিবার রাতে। তখন তিনি মেসে সম্পূর্ণ একা ছিল। মাকে জানায় তার শরীর ভালো না, পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারো সাথে যোগাযোগ হয়নি। পরে মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাকিবার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভেতর থেকে বন্ধ পায়। নাঈম বলেন, পরে অন্যদের সহায়তা নিয়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।

  • উদ্ধার
  • ছাত্রী
  • জবি
  • ঝুলন্ত
  • লাশ
  • #