সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে : রোবায়েত ফেরদৌস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামের রাউজান ও মিরসরাইয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সিটিজেনস অব হিউম্যান রাইটস’।

অধ্যাপক রোবায়েত বলেছেন, ‘১৮ মাসের অন্তর্বর্তী সরকারের অর্জন হচ্ছে– বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের স্থায়ীভাবে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা।’

চট্টগ্রামের রাউজান ও মিরসরাইয়ে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের অন্তত ১৯টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের বেলা বাইরে থেকে তালা লাগিয়ে এসব অগ্নিসংযোগ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নির্বাচনের আগে সংখ্যালঘুদের সঙ্গে এমন নির্মম ঘটনার প্রসঙ্গ তুলে রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমরা দেখেছি মিরসরাইয়ে ডাকাতি করেনি, কিচ্ছু নিয়ে যায়নি। বাইরে থেকে সিটকিনি দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে, একটা প্যানিক তৈরি করা। পুড়িয়ে মারার চেষ্টা। ভয় তৈরি করা, যেন এরা ভোটে না যায়।’

লিখিত বক্তব্যে সিটিজেনস অব হিউম্যান রাইটসের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, পুড়িয়ে মারাই ছিল অগ্নিসংযোগকারীদের উদ্দেশ্য। এসব এলাকার সনাতন ধর্মের মানুষ এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে এলাকা পর্যবেক্ষণ করছেন।

লিখিত বক্তব্যে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগেুলো হচ্ছে– ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত নির্বাচনী এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেল গঠন; রাউজান, মিরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব ধরনের সহিংসতার তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন; ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত দূরীকরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং মানবাধিকার কমিশনের এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে নজরদারিতে রাখা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সতেজ চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, আইন ও সালিশ কেন্দ্রের তাওহীদ আহমেদ রানা, ব্লাস্টের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মাহবুবা আক্তার প্রমুখ।

  • দ্বিতীয় শ্রেণি
  • নাগরিক
  • রোবায়েত ফেরদৌস
  • সংখ্যালঘু
  • #