বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর পাশে শেরে বাংলার পরিবার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -২ (বানারীপাড়া -উজিরপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান জুয়েলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান এ কে রিপা হক বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামী নামে কোনো দল নেই। জামায়াত কোনো ইসলামি দল নয়। তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেওয়ার মালিক তারা নয়, একমাত্র মালিক মহান আল্লাহ। তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবেন না।

দলের নেতা-কর্মী, সমর্থক ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো আবুল কালাম শাহীন। বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি  আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ।

এছাড়াও উঠান বৈঠকে শেরে বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়াজ ও ছেলে একে ফারদিন ফাইয়াজ সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

এদিকে উঠান বৈঠকে উপস্থিত হয়ে বরিশাল -২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহেব আলী হাওলাদার রনী নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে সমর্থন জানান।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।

  • বরিশাল-২
  • বিএনপি প্রার্থী
  • #