নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জ্বল কুমার।

উজ্জ্বল কুমার জানান, বিকেলে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন লেনদেনটি ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ব্যাংক চলাকালীন কোনো সিদ্ধান্ত না দেওয়ায় লেনদেনটি স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ছুটির মধ্যে ব্যাংকের বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে হবে। মঙ্গলবার সারাদিন ব্যাংকের লেনদেন তেমন না থাকায় নাটোর ও চাঁচকোড় এলাকায় ১৬টি বুথের জন্য চার কোটি টাকার চাহিদা পাঠানো হয় হেড অফিসে। পরে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়। টাকা নিতে সোনালী ব্যাংকে কর্মকর্তা পাঠানো হলে ভোটের পরে নেওয়ার জন্য জানানো হয়।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে এক প্রার্থী সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করেন।

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, চার কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমন কোনো বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে। তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে সন্দেহের কিছু নেই।

সূত্র : সমকাল

  • ইসলামী ব্যাংক
  • কোটি
  • চার
  • টাকা
  • নাটোর
  • লেনদেন
  • স্থগিত
  • #