ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন : জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

আগামী জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনারা দলে দলে, সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে। সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

এবারের ভোটের দিন নতুন বাংলাদেশের জন্মদিন হবে—এমন আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, ‘আসুন, উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের এক স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করি।’

তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে—এ দেশ তার তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব গণ-আন্দোলনে, পরিবার থেকে রাষ্ট্র—সবখানেই শক্তি হয়ে দাঁড়িয়েছেন। নারীরাই ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। নারীরাই এ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত।

নারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আপনারা ঘরে ও রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন, সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন, সমাজকে টিকিয়ে রেখেছেন। অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মতপ্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। এ নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা।

নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য একটাই–নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়-সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।’ তথ্য যাচাইয়ের জন্য নির্বাচনবন্ধু হটলাইন ‘৩৩৩’-এ ফোন করে সঠিক খবর জেনে নেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এখন তাতে জনগণের সম্মতি নিতেই এ গণভোটের আয়োজন। এ গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেয়া সিল নয়—এটি আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এ শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

  • ড. ইউনূস
  • নতুন
  • বাংলাদেশ
  • ভোট
  • #