অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

* দেড় হাজার মার্কিন পণ্য ঢুকছে বাংলাদেশে * বোয়িং বিমান ও জ্বালানি কেনার প্রতিশ্রুতি * দক্ষিণ এশিয়ার প্রথম মার্কিন বাণিজ্য চুক্তি * বড় লাভের সুযোগ দেখছেন বাণিজ্য উপদেষ্টা *চুক্তির শর্ত পর্যালোচনা করে লাভ-ক্ষতির হিসাব

শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত সোমবার বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এ চুক্তির পর বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে। তাতে বাংলাদেশের পণ্যের শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। তবে এই চুক্তির আওতায় দেড় হাজারের বেশি মার্কিন পণ্য বাংলাদেশের বাজারে ঢুকবে শুল্কমুক্ত সুবিধায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’তে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) ফলে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ‘সুযোগ’ দেখছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে চুক্তিতে কী কী শর্ত আছে তা গোপন থাকায় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে করা মোটেই উচিত হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জানা যায়- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য, আর আমদানি করে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে থাকলেও তা কমাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাজারে ঢুকতে এ চুক্তি করেছে। এছাড়া বাংলাদেশ তৈরি পোশাক খাতের কাঁচামাল তুলা ও কৃত্রিম তন্তুর বাজারে প্রবেশ করতে যুক্তরাষ্ট্র এ চুক্তিতে বেশি আগ্রহ দেখিয়েছে।

গত সোমরার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি দল ওয়াশিংটন গেছে। অন্য চারজনের মধ্যে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সশরীর উপস্থিতিতে এই চুক্তি হয়।

মার্কিন কৃষিপণ্যসহ যেসব পণ্য ঢুকছে বাংলাদেশে :

এই চুক্তির আওতায় থাকা বিভিন্ন শ্রেণির পণ্যের তালিকা প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। প্রায় দেড় হাজারের বেশি মার্কিন পণ্য বাংলাদেশের বাজারে ঢুকবে শুল্কমুক্ত সুবিধায়।
এর মধ্যে আছে গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, যন্ত্রপাতি এবং অন্যান্য শিল্পজাত পণ্য। চুক্তি কার্যকর হওয়ার তারিখ থেকেই এসব পণ্য শুল্কমুক্ত হিসেবে গণ্য হবে।

ইউএসটিআর -এর প্রকাশিত তফসিল-১-এ ইআইএফ শ্রেণিবদ্ধ পণ্য আছে ১ হাজার ৫৫৫টি। এর মধ্যে জীবন্ত প্রাণীর মধ্যে আছে- উন্নত জাতের পশু (ঘোড়া, গাধা, শুকর ইত্যাদি), জীবন্ত ভেড়া, ছাগল, বিভিন্ন ধরনের হাঁস-মুরগি (মুরগির বাচ্চা, হাঁস, রাজহাঁস), স্তন্যপায়ী প্রাণী (তিমি, ডলফিন), সরীসৃপ ও পতঙ্গ।
মাংস, মাছ ও ভোজ্য উপজাত পণ্যের মধ্যে আছে- শুকর, ভেড়া, ছাগল ও ঘোড়ার টাটকা বা হিমায়িত মাংস এবং বিভিন্ন ধরনের পোল্ট্রি (মুরগি, টার্কি, হাঁস)। এছাড়া লবণজাত পণ্য যেমন- শুকানো মাংস ও ভোজ্য চর্বি বা নাড়িভুঁড়ি। অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধক মাছ, বিভিন্ন ধরনের টাটকা বা হিমায়িত মাছ (ট্রাউট, স্যামন, হ্যালিবাট, টুনা, হেরিং, সার্ডিন, ম্যাকেরেল, কড ইত্যাদি) এবং কাঁকড়া, চিংড়িও ইআইএফ শ্রেণিভুক্ত।
দুগ্ধ ও প্রাণিজ পণ্যের মধ্যে আছে- দই, ঘোল, বিভিন্ন ধরনের পনির, নিষিক্ত ও সাধারণ ডিম, পশুর লোম, হাড় এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট কিছু প্রাণিজ উপাদান। শাকসবজি ও ফলমূলের মধ্যে আছে- নির্দিষ্ট জাতের আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, মাশরুম, মটরশুঁটি এবং অন্যান্য ডালজাতীয় শস্য।

এছাড়া বিভিন্ন ধরনের বাদাম (চেস্টনাট, পাইন নাট) এবং ফল (শুকনো খেজুর, ডুমুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম, লেবুজাতীয় ফল, তরমুজ, নাশপাতি, চেরি, পিচ ও স্ট্রবেরি) ইআইএফ শ্রেণিভুক্ত। এসব কৃষিপণ্যের মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২ হাজার কোটি টাকার বেশি।

কৃষিপণ্যের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- আগামী পাঁচ বছরে প্রতি বছর কমপক্ষে ৭ লাখ মেট্রিক টন গম আমদানি। পাশাপাশি এক বছরের মধ্যে সর্বোচ্চ ১২৫ কোটি বিলিয়ন ডলার বা ২৬ লাখ মেট্রিক টন (যেটি কম) মূল্যের সয়াবিন ও সয়াজাত পণ্য।

এছাড়াও রাসায়নিক এবং ওষুধ পণ্যের মধ্যে আছে- শিল্পে ব্যবহৃত গ্যাস (হাইড্রোজেন, আর্গন, নাইট্রোজেন, অক্সিজেন), অ্যাসিড, অক্সাইড, ক্লোরাইড, সালফেট এবং বিভিন্ন ধরনের ওষুধ।

টেক্সটাইল ও পোশাক খাতের পণ্যের মধ্যে আছে- রেশম, পশম এবং তুলাজাত পণ্য; যার মধ্যে সুতা, বোনা কাপড় এবং নির্দিষ্ট কিছু পোশাক যেমন ট্র্যাকসুট ও সাঁতারের পোশাক অন্তর্ভুক্ত।

যন্ত্রপাতি ও শিল্প সরঞ্জামের মধ্যে আছে- বয়লার, ইঞ্জিন, পাম্প, ফ্যান, শিল্প কারখানার চুল্লি, প্রিন্টিং মেশিনারি, টেক্সটাইল মেশিন, মেশিন টুলস এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম।

কেনা হবে ১৪টি বোয়িং ও ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি :

এ বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ মার্কিন উড়োজাহাজ, জ্বালানি এবং সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর উদ্যোগ নিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি ১৪টি বেসামরিক উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত উড়োজাহাজ ক্রয়ের বিকল্পও রাখা হয়েছে। এছাড়া উড়োজাহাজের যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট সেবা যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের বিষয়েও সহযোগিতা বাড়ানোর কথা চুক্তিতে বলা হয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) বিভিন্ন জ্বালানি পণ্য দীর্ঘমেয়াদে আমদানির উদ্যোগ নেবে। দীর্ঘমেয়াদি চুক্তিসহ ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর বিষয়ে প্রচেষ্টা চালাবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ সীমিত রাখার কথাও চুক্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নেতিবাচক প্রভাবের শঙ্কা :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বাণিজ্য চুক্তি হওয়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত। গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য মতে, ভারত ২০২৪-২৫ সালে বাংলাদেশে ১৪৭ কোটি ডলারের তুলার সুতা রপ্তানি করেছে, যা তাদের মোট সুতা রপ্তানি সিংহভাগ ছিল। গত বছর বাংলাদেশে ১২ থেকে ১৪ লাখ বেল তুলা রপ্তানি করেছে ভারত। বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার ২০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। অপরদিকে ভারতীয় তুলা দিয়ে তৈরি ২৬ শতাংশ পণ্য ঢুকে মার্কিন বাজারে।

কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল চন্দ্রিমা চ্যাটার্জি বলেছেন, আমার ভয় তাৎক্ষণিক (নেতিবাচক) প্রভাব পড়বে ভারতের তুলার সুতার ওপর। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনতে পারবে এবং টেক্সটাইল মিলে সেগুলো থেকে তুলা উৎপাদন করতে পারবে।
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স ন্যাশনাল কমিটি অন টেক্সটাইলের চেয়ারম্যান সঞ্জয় কে জৈন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক (নিট এবং ওভেন উভয়ই) আমদানি করবে। এর ফলে ভারত তার প্রতিযোগিতার ক্ষমতা হারাবে।

তবে কিছু কিছু ভারতীয় ব্যবসায়ী আবার আশা হারাতে চান না। তারা বলছেন যুক্তরাষ্ট্রের তুলা এনে সেখান থেকে সুতা তৈরি করে পোশাক বানিয়ে সেটি রপ্তানি করতে বাংলাদেশকে লজিস্টিকগত সমস্যার মোকাবিলা করতে হবে। যা দীর্ঘ সময়ের ব্যাপার।

ভারতের কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক সিদ্ধার্থ রাজগোপাল বলেন, মার্কিন তুলা পেতে সময় এবং পরিবহন ও সংরক্ষণের খরচ বিবেচনা করা উচিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রথম বাণিজ্য চুক্তি:

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে জেমিসন গ্রিয়ার বলেছেন, বাংলাদেশের সঙ্গে এই পারস্পরিক বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। এটি বাজার উন্মুক্ত করা, বাণিজ্য বাধা দূর করা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে অর্থবহ পদক্ষেপ।

বড় লাভের সুযোগ দেখছেন বাণিজ্য উপদেষ্টা :

পরবর্তী সরকার চাইলে এ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, সেই সুযোগ রাখা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের ৮৫ বা ৮৬ শতাংশ রপ্তানির উপরে শুল্কশূন্য হবে, কারণ আমাদের যুক্তরাষ্ট্রের ৮৫-৮৬ শতাংশই তৈরি পোশাক। অন্যদিকে ১৪ থেকে ১৫ শতাংশ রপ্তানির উপরে ১৯ শতাংশ সম্পূরক শুল্ক হবে। গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই চুক্তির মধ্যে আমাদের এই শর্ত যুক্ত আছে যে, যদি প্রয়োজন হয়, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিস দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারব। আমরা এক্সিট ক্লজ চুক্তিতে সন্নিবেশ করেছি। এই মোটা দাগে আমাদের অর্জন।

চুক্তির বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চুক্তিতে কী কী শর্ত আছে, তা আমরা জানি না। আমি মনে করি, এই ধরনের চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে করা মোটেই উচিত হয়নি। আমরা কিছু নতুন সুবিধা পেয়েছি, সেটিকে আমরা অর্জন হিসেবে মনে করতে পারি। কিন্তু তার বদলে কী কী শর্ত পূরণ করতে হবে বা বাংলাদেশকে কী কী করতে হবে, তা আমরা জানি না। ফলে এই চুক্তিতে বাংলাদেশ কতটা লাভবান হলো, তা এক কথায় বলা মুশকিল। আমি মনে করি, চুক্তির লাভ-লোকসানের হিসাব কষতে হবে চুক্তিতে কী কী শর্ত আছে, তা সার্বিকভাবে পর্যালোচনার ভিত্তিতে।

  • বাণিজ্য চুক্তি
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • #