বিএনপিকর্মীর হাত-পা কুপিয়ে জখম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর সন্দেহ, জামায়াত-শিবিরের লোক তার ওপর এ হামলা চালিয়েছে। আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)।

তিনি চারঘাটের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। রামচন্দ্রপুর গ্রামে বিরাজ আলীর একটি দোকান আছে। এর পাশে তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনী কার্যালয় চালান। বিরাজ আলী নিজেকে ইউনিয়ন বিএনপির সদস্য বলে দাবি করেছেন।

হামলার পর স্থানীয়রা বিরাজ আলীকে প্রথমে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার পর তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল।তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।’

হাসপাতালের বিছানায় শুয়ে বিরাজ আলী বলেন, ‘জামায়াত-শিবিরের লোক ছাড়া কেউ করেনি। আমার ছোটখাটো দোকান আছে, ব্যবসাপাতি করি। আমার দোকানে আবু সাঈদ চাঁদের ব্যানার লাগাইছি। দু-দশজন ছেলি লিয়া একটা ভোটের অফিস চালাই।’

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

  • কুপিয়ে
  • জখম
  • বিএনপিকর্মী
  • #