প্রতীকী ছবি
বরগুনা-১ আসনের বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত এজেন্ট মো. হেমায়েত হোসেন, যিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান রিপন জানান, নির্বাচনী মাঠে পাহারায় থাকা বিএনপির কর্মীদের খবর পেয়ে হাতপাখা প্রার্থীর সমর্থকেরা বস্তাভর্তি লাঠিসোঁটা নিয়ে গাবতলা বাজারের দিকে এগোতে থাকেন। বিএনপি কর্মীরা তাঁদের বাধা দিলে তারা পশ্চাৎপদ হন এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত থাকে।
তবে পরে হেমায়েত হোসেন হাতপাখা প্রার্থীর গাড়িকে প্রশাসনের গাড়ি মনে করে পরিস্থিতি জানাতে গেলে গাড়ির ভেতর থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাঁকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। বর্তমানে বরগুনায় পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা অভিযোগ করে বলেন, পরাজয় নিশ্চিত হওয়ার পর হাতপাখা প্রার্থীর সমর্থকেরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। তিনি প্রশাসনকে কঠোর হওয়ার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।