জামালপুরে টাকা ও রাম দাসহ আটক ৭

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

জামালপুর সদরের নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জনকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। আটকের পর বিএনপি নেতাকর্মীরা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আটকদের কাছ থেকে নগদ ১ লাখ ১৩ হাজার টাকাসহ একটি রামদা উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া।

বিএনপি নেতা কাজী মসিউর রহমান জানান, গ্রেপ্তার হুছনুস শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমিরের ভাতিজা।

জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল্লাহ বলেন, একটি অটোরিকশায় আসা সাত আটজন মানুষের গতিবিধি দেখে সন্দেহ হলে আমরা তাদেরকে আটক করে পুলিশকে জানাই। এ সময় স্থানীয় দুই জামায়াত কর্মী দৌড়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, স্থানীয়দের অভিযোগে সাতজনকে থানায় নিয়ে এসে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • আটক
  • জামালপুর
  • টাকা
  • রামদা
  • #