লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে আহত ১০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একে অপরকে দুষছেন।

বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে। কেন্দ্রগুলো হলো, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, মেঘনা বাজারের পাশের একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে ও লক্ষ্মীপুর-২ আসনের বিজয় নগর উচ্চ বিদ্যালয় ও হাসন্দিসহ কয়েকটি কেন্দ্র।

সরেজমিনে দেখা যায়, সদর আসনের পাশাপাশি অন্য তিন আসনেও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ।

লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিএনপির সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা প্রদান ও কয়েকটি কেন্দ্রে হামলা করেছে। প্রশাসনকে জানিয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জামায়াতের প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের ওপর হামলা করছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।’

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি সোনাবাহিনী, র‌্যাব,বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।’

  • আহত
  • ভোটকেন্দ্র
  • লক্ষ্মীপুর
  • সংঘংর্ষ
  • #