ফল পাল্টানোর অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাটওয়ারী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ঢাকা-৮ আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পালটে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসিপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

নাসীরউদ্দিন পাটওয়ারীর সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম করা হচ্ছে। মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরেও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শাহিন বলেন, এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।

রাত পৌনে ১০টার দিকেও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী বসেছিলেন। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ বলেন, অফিসিয়ালি এখন কিছু বলতে পারছি না।

  • অভিযোগ
  • কার্যালয়
  • পাটওয়ারী
  • ফল পাল্টানো
  • রিটার্নিং অফিসার
  • #