নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫জন দগ্ধ হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে। এসময় দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সস্তাপুর গাবতলী থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে।
স্থানীয়দের ধারণা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। আর জমাকৃত সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সেলুনে কর্মরত মিন্টু ও পথচারী শিশুসহ ৫জন দগ্ধ হয়। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুল সহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।
এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।