প্রতীকী ছবি
পিরোজপুরের জিয়ানগরে যুবদলের এক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদীর নিজ ইউনিয়ন মধ্য বালিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ধানের শীষ নির্বাচন করায় বালিপাড়া ইউনিয়ন যুবদল নেতা মো. ইউনুস আলীকে তার বাড়ির সামনে হামলা করে একই ইউনিয়নের জামায়াতকর্মী সোহেলের নেতৃত্বে ৪-৫ জন।
আহত ইউনুসের বোন রেহেনা আক্তার বলেন, ‘আমার ভাই ধানের শীষের নির্বাচন করায় জামায়াতকর্মী জুয়েল, সোহেল, রাসেল ও রফিকুল ইসলাম মিলে আমার ভাইকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় ভাইয়া চিৎকার করলে আমরা এসে তাকে উদ্ধার করার চেষ্টা করি। তখন তারা আমাকেসহ আনছার আলী, সুফিয়া বেগম, মরিয়মকেও আহত করেন।’
তিনি জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইউনুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জামায়াতকর্মী জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট চাওয়া ও দেওয়া নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। ইউনুস আমাদের কাছে ধানের শীষে ভোট চায়। কিন্তু আমরা দাঁড়িপাল্লার সমর্থক হওয়ায় ধানের শীষে ভোট না দেওয়ার কারণে সে আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। ইউনুসের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ থাকার কারণে সামান্য হাতাহাতি হয়েছে।’
উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক নয়। এটি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়।
অন্যদিকে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল জানান, নির্বাচনের জেরে জামায়াতের কর্মীরা যুবদলকর্মী ইউনুসকে মারধর করেন।
জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জমিসংক্রান্ত ঝামেলা থাকার কারণে ঘটনাটি ঘটেছে বলে আমি প্রাথমিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।