প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতের আমির ও বিএনপির ওয়ার্ড সভাপতিসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা উপজেলা প্রশাসন ও সেনা কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দলের নেতা-কর্মীরা জানান, গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাসিনুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, নগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিত নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।