বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ চারজন আহত, হাতুরিপেটা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

নির্বাচন পরবর্তী পৃথক সহিংসতায় বরিশালের তিন উপজেলায় নারী ও জাসদ নেতাসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এরমধ্যে একজনকে হাতুরি পেটা করা হয়েছে। এসময় একটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদীতে এসব ঘটনা ঘটেছে।

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজকে মারধর করা হয়েছে। শুক্রবার দুপুরে বাইশারী বাজারে নিজ বসত ঘরে প্রবেশ করে তার ওপর হামলা চালিয়েছে কতিপয় যুবদল নেতা।

স্থানীয়রা জানায়, বাইশারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ডালিম ও সহ-সভাপতি রফিক মল্লিকের নের্তৃত্বে এ হামলা চালানো হয়েছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের বিএনপি কর্মী জাকির মৃধা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের ফুটবল মার্কার পক্ষে কাজ করার অভিযোগ তুলে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ধানের শীষের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে আহত করেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করেছেন।

এ ব্যাপারে রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্ব য়ক মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে জাকির মৃধার বাগবিতন্ডা হয়েছে বলে শুনেছি। আগৈলঝাড়া থানার ওসি মো, মাসুদ খান জানিয়েছেন, নির্বাচনের পর কোন সহিংসতা মেনে নেয়া হবেনা। হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই আসনে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের এজেন্ট হওয়ার অপরাধে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা ঝুমুর বেগমকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

ঝুমুর বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের শীষের সমর্থক মিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রথম দফায় তার ওপর হামলা করা হয়। শুক্রবার রাতে দ্বিতীয় দফায় তার বসত ঘরে হামলা চালানো হয়েছে।

একই আসনের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় ধানের শীষের কর্মী মনির ফকিরকে হাতুরি পেটা করা হয়েছে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবলের সমর্থক আখ্যা দেওয়াকে কেন্দ্র করে বেল্লাল ও তার লোকজনে মনিরকে হাতুরি পেটা করেছে। তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বেল্লাল খান।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশালের ছয়টি আসনে বিএনপির বিজয় হয়েছে। ব্যক্তিগত স্বার্থে কাউকে মারধর বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। এসব ব্যক্তিদের আইনের হাতে তুলে দেওয়া হবে।

  • আহত
  • নির্বাচন
  • বরিশাল
  • সহিংসতা
  • হাতুরিপেটা
  • #