শেষমুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে : নাহিদ ইসলাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ফাইল ছবি

শেষমুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি করা হয়েছে এবং ফলাফলেও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফল ঘোষণার সময় কয়েকটি আসন টার্গেট করে ফলাফল পাল্টানো হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ বলেন, সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। একটি পর্যায় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটিকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফল ঘোষণা করার সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের ঢাকা-১৩ আসন, ঢাকা-৮ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আসন-নির্দিষ্টভাবে এ রকম ‘অনেকগুলো’ আসনকে লক্ষ্য করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলো দখল করে এবং প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক ফলাফল পাল্টানো হয়েছে।

তিনি বলেন, পুরোনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের মধ্যে দেখতে পাচ্ছি, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে-এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।

নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা, সারাদেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, হুমকি ও এলাকা ছাড়া করছে-তাদের কাছে দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে, সে প্রশ্নও উঠেছে। প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতি আমরা নিচ্ছি। কারণ এই দেশের মানুষ-যারা ১১ দলের পক্ষে নির্বাচনে কাজ করেছেন, নেতাকর্মী ও সমর্থক-তাদের হেফাজত করার দায়িত্ব আমাদের।
নাহিদ বলেন, এই নির্বাচনে সুস্পষ্টভাবে দুটি পক্ষ ছিল।

একটি সংস্কার ও পরিবর্তনের পক্ষ-যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে চায়, বিচার ও সংস্কার চায়, আধিপত্যবিরোধিতা চায়। আরেকটি পক্ষ পুরোনো বন্দোবস্ত ও পুরোনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে-যারা ৭২-এর সংবিধান চেয়েছে, পুরোনো ধাঁচের রাজনীতি চেয়েছে, ঋণখেলাপিদের প্রশ্রয় দিয়েছে এবং একই ধরনের লুটপাট-দুর্নীতির রাজনীতি করতে চায়। ফলে জনগণের ৬০ শতাংশের বেশি মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সেই একই জনগণ ১১ দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষমুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে এবং ফলাফল বদলে দেওয়া হয়েছে।
না হলে পুরো ভোটই ১১ দলের পক্ষেই আসত।

শেষমুহূর্তে ১১ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে সুস্পষ্টভাবে অভিযোগ জানানো হবে। প্রার্থীরা অভিযোগ জানাবেন এবং নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করে, তাদের অবস্থান কী-তার ওপরই নির্ভর করবে নির্বাচন নিয়ে আমাদের চূড়ান্ত অবস্থান-যোগ করেন তিনি।

  • কারচুপি
  • নাহিদ ইসলাম
  • ভোট
  • #