ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন।
মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট। শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ২৭ হাজার ৫৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন মাহবুব।
নির্বাচনে নিজ পরিবারের পূর্ণ সমর্থন পাননি মাহবুব। তার বাবা আজিজুর রহমান বাচ্চু রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ছেলে এনসিপির প্রার্থী হলেও তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট করেন। এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, রাজনীতি আদর্শ ও অবস্থানের বিষয়। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেছেন।
মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে মাহবুব এনসিপির দায়িত্ব পান। সে সময় দলীয় কর্মসূচিতে প্রচার করা হয়, মাহফুজ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করবেন। পরে মাহফুজ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেও নির্বাচন করেননি।