সারা দেশে নির্বাচন–পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় নাগরিক প্ল্যাটফর্মটি।
পুলিশ সূত্রে নাগরিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছে। এ ছাড়া মোট ৪২টি হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর একজন সমর্থককে (জসিম উদ্দীন) গত শনিবার আক্রমণ করা হয় ও তিনি মৃত্যুবরণ করেন। বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নাগরিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে নাগরিক কোয়ালিশন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ও জড়িতদের আইনের আওয়তায় আনার দাবি জানাচ্ছে।
নাগরিক কোয়ালিশন সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও আবেদন করছে, যাতে তারা তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন যেন এ রকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়।