সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন পরবর্তীতে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আলিম সরদার উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও আব্দুল কাদের খন্দকার একই ইউনিয়নের সেক্রেটারি।
মামলা এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশক্রতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। হামলাকারীরা দোকানটি ভাংচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যান।
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম বলেন, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।