রিটার্নিং কর্মকর্তাকে ‘অভিশাপ’ দিলেন বিএনপির পরাজিত প্রার্থী ভরসা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রংপুর-৪ আসনের পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান-কে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ ও ‘অভিশাপ’ দেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে তিনি বলেন, তার ভোট ‘ছিনতাই’ করা হয়েছে এবং ভোট পুনর্গণনার আবেদন জানালে নিয়মের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তিনি দাবি করেন, ফলাফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে এবং দ্রুত পুনর্গণনার তারিখ ঘোষণা করতে হবে।

ডিসিকে উদ্দেশ করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আখতার হোসেন (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯ হাজার ৪০২। এ আসনে বাতিল ভোটের সংখ্যা ৮ হাজার ২৬৩।

রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন বিএনপি প্রার্থীদের সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু ও সাইফুল ইসলাম। বিক্ষোভকারীরা আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ উল্লেখ করে স্লোগান দেন।

এ বিষয়ে মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুর-৩, ৪ ও ৬ আসনের বিএনপি প্রার্থীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পরবর্তী নির্দেশনার জন্য পাঠানো হয়েছে।

 

  • অভিশাপ
  • এমদাদুল হক ভরসা
  • বিএনপি প্রার্থী
  • রিটার্নিং কর্মকর্তা
  • #