নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে তিনটি গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালিয়েছে। এতে অন্তত ৩২ জন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর এসব হামলা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, নাইজার অঙ্গরাজ্যে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে বা গলা কেটে হত্যা করেছে। এ ছাড়া হামলাকারীরা বাড়িঘরে আগুন দিয়েছে, ‘অজানা’ সংখ্যক মানুষকে অপহরণ করেছে।
রয়টার্স জানিয়েছে, তিনটি গ্রাম মিলিয়ে নিহতের সংখ্যা ৩২ জনের মতো। আরেক বার্তাসংস্থা জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ৪৬। আশপাশের অন্যান্য গ্রামে সম্ভাব্য হামলার বিস্তারিত এখনো স্পষ্ট নয় এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
একটি নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, দস্যুরা ৪১টি মোটরসাইকেলে করে এসেছিল, প্রতিটিতে দুই বা তিনজন করে ছিল।
বিবিসি বলছে, বহু বছর ধরে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো নাইজেরিয়ায় হামলা ও অপহরণ চালিয়ে আসছে। তবে সম্প্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।