গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহাসড়কের পাশ থেকে রোববার সকালে অজ্ঞাত এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রা সিপি গেট এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে রোববার সকাল কাটা হাতটি পুলিশ উদ্ধার করে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা, কাটা হাতটি কোনো পুরুষের।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা সিপি গেটের বিপরীত পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ গিয়ে হাতটি উদ্ধার করে। এ সময় আশপাশে তল্লাশি চালিয়েও কোনো মৃতদেহ পাওয়া যায়নি।
ওসি নাসির উদ্দিন বলেন, উদ্ধার হওয়া হাতটি আনুমানিক ৩৫ বছর বয়সী কোনো পুরুষের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি জীবিত নাকি মৃত ব্যক্তির হাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।