রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিতে যাওয়ার অভিযোগে আটক তিন যুবককে ধানমন্ডি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল আহমেদ জিন্নাহ কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। কারাগারে যাওয়া তিনজন হলেন মো. সাকিব, মো. জিহাদুল ইসলাম জিহাদ, রায়হান রিফাদ।
আদালতে তিন যুবকের পক্ষে তাদের আইনজীবী এম জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিন রাজু, ওবাইদুল ইসলাম, মো. লিটন মিয়া, খন্দকার নূর কুতুবুল আলমসহ অনেকে জামিন শুনানি করেন।
প্রসঙ্গত, তিন আসামির মধ্যে মো. সাকিব মিরপুর গভমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মো. জিহাদুল ইসলাম, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। রিফাত রায়হান বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আসামি রিফাতের বাবা রাজমিস্ত্রী মনিরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।