সিল মারা ব্যালট উদ্ধারের দাবি এলাকাবাসীর, ইউএনও অবরুদ্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

রংপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকে সিল মারা দুটি ব্যালট ও চারটি গণভোটের ব্যালট উদ্ধারের দাবি করে স্থানীয় ব্যক্তিরা। বিষয়টি জানার পর পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ রাখার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়।  সোমবার বিকেলে পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেলে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাদের সহায়তায় ঘটনাস্থল ছাড়ার সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। ইউএনওর দাবি, ঘটনাটি কেন্দ্র করে তিনি ‘মবের’ শিকার হয়েছেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার স্থানীয় হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ প্রতীকের সিলমারা দুটি ব্যালট ও চারটি গণভোটের ব্যালট উদ্ধারের দাবি করেন স্থানীয় লোকজন। বিদ্যালয়টি রংপুর-৬ আসনের নির্বাচনের একটি ভোটকেন্দ্র ছিল। এ‌ ঘটনার খোঁজ নিতে দুপুরে পীরগঞ্জের ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে যান। সেখানে গেলে ভোট ‘কারচুপির’ অভিযোগ তুলে তাদের অবরুদ্ধ করা হয়।

ওই এলাকার বাসিন্দা ফজলু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সিল মারা ব্যালট পায়। তারপর এলাকার লোকজন বিষয়টি দেখলে পীরগঞ্জের ইউএনও পপি খাতুনকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করেন। পরে বিকেল চারটার দিকে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের সহায়তায় বের হন ইউএনও।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ইউএনওর সঙ্গে আমরাও যাই। তিনি বের হওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে। তার গাড়ির কাচ ভেঙেছে।

এও বিষয়ে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, আমরা প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য এবং এগুলো সিজ (জব্দ) করার জন্য যাই। আসলে সিজ করতে গেলে তো একটা প্রক্রিয়া লাগে, জিজ্ঞাসাবাদ করতে হয়—কে দেখল, কে পেল। তাই না? সিজার লিস্ট (জব্দ তালিকা) তৈরি করে ওসি সাহেবসহ আমরা যখন ব্যাক করব, তখন আমাদের ওপর মব ভায়োলেন্স করা হয়। ওরা আসলে আমাদের অবরুদ্ধ করে রেখে ওখানে একটা পেশিশক্তির প্রদর্শন বা একটা হুমকি প্রদর্শন করে, রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান করে। আমার গাড়ি ভাঙচুর করেছে।

 

  • অবরুদ্ধ
  • ইউএনও
  • উদ্ধার
  • ব্যালট
  • সিল মারা
  • #