রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুল সংলগ্ন রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।