প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

কুমিল্লায় সৌদিপ্রবাসীর স্ত্রী ও সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে হোমনার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) ও জহিরের ভাই সৌদিপ্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোমনা থানার ওসি মোরশেদুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। কী কারণে তারা খুন হয়েছেন তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাপিয়া আক্তার সুখী তার ছেলেকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ মেঝেতে ফেলে রাখে। মঙ্গলবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাপিয়া আক্তার সুখীর বোন সেলিনা আক্তার জানান, আমার বোন ও বোনের সন্তানকে যারা খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, কারা তাদের হত্যা করেছে, তা আমরা এখনও নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • কুমিল্লা
  • ছুরিকাঘাত
  • প্রবাসী
  • সন্তান
  • স্ত্রী
  • হত্যা
  • #