ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এদিকে, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
সালাহউদ্দিন আহমদ যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।
তিনি দলীয় সদস্যদের উদ্দেশে বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।