রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজবাড়ী পৌর এলাকায় প্রকাশ্যে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের বিনোদপুর ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে।পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। নিহত জাহিদ হাসান পৌর এলাকার মাহাতাব ফকীরের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জাহিদ বাড়ির সামনে সাহেব আলী মনোর দোকানে যান। এ সময় কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। শ্রমিকের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ভাতিজা শিহাব ফকীর জানান, তার চাচার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল। সোমবার দুই ব্যক্তি বাড়িতে এসে তার চাচার কাছে পাওনা আড়াই হাজার টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো তা জানা নেই। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

নিহতের বাবা মাহাতাব ফকীর জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার ছেলে বাড়ির পাশের দোকানে গেল। আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারেন তাকে কুপিয়েছে। তার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। ক্রন্দনরত কণ্ঠে তিনি বলেন, আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নুর ইসলাম জানান, দুপুর একটার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

 

  • কুপিয়ে
  • প্রকাশ্যে
  • যুবক
  • রাজবাড়ী
  • হত্যা
  • #