ছবি : ড. মুহাম্মদ ইউনূস ও মো. সিরাজ উদ্দিন মিয়া
মন্ত্রিপরিষদ সচিবের পরে এবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল করেছে সরকার। সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ১৪ ফেব্রুয়ারি এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে, সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।