প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষিখাত নিয়ে হওয়া চুক্তিকে ‘অধীনতামূলক’ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মুহাম্মদ। তার অভিযোগ, এ চুক্তির মাধ্যমে দেশের কৃষি আরও করপোরেট পুঁজির নিয়ন্ত্রণে গেছে।
সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি ও তাদের করপোরেট স্বার্থের বাইরে বাংলাদেশ যেতে পারবে না—এ রকম একটি অধীনতামূলক চুক্তি করে ড. ইউনূস বিদায় নিচ্ছেন।
অনুষ্ঠানে ইলা মিত্রর জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সঞ্চালনা করেন সংস্থাটির চেয়ারপারসন খুশী কবির। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাওজিয়া মোসলেম ও জাতীয় আদিবাসী পরিষদের খোকন সুইটেন মুর্মুও বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘বঞ্চনা ও বৈষম্যবিরোধী সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নেত্রী–ইলা মিত্রের জন্মশতবর্ষ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ ভূমিহীন কৃষকের এবং এক ভাগ জমির মালিকের দাবিতে তেভাগা আন্দোলন গড়ে ওঠে। কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে কলকাতা থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গিয়ে ইলা মিত্র এ আন্দোলনের নেতৃত্ব দেন।